

দেশের বাজারে সোনার দাম আরেক দফা কমানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১৬ মে) সবশেষ সমন্বয়কৃত নতুন দামেই দেশের বাজারে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে। এর আগে শুক্রবার (১৫ মে) এক বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর এই ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বেচাকেনা হচ্ছে। এর আগে গত ৭ মে বাজুস সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছিল।
চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ২৮ বার। এর আগে গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং কমেছিল ২৯ বার।
সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৩৮ বার সমন্বয় করা হয়েছে।

