ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৯
logo
প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৬

নাফনদীতে মাছ ধরতে গিয়ে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় ৭ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টা থেকে ৮টার মধ্যে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনার ঘোলারচর এলাকায় জেলেরা মাছ ধরছিলেন। দুপুর প্রায় ২টার দিকে তারা তীরে ফেরার পথে মিয়ানমারের দিক থেকে দুটি স্পিডবোটে আসা সশস্ত্র সদস্যরা তাদের ধাওয়া করে। একপর্যায়ে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যাওয়া হয়।

অপহৃত জেলেরা হলেন—আহমেদ আলী (৪৮), তাঁর দুই ছেলে আব্দুর রহিম (২০) ও নুরুল আবসার (১৮), আব্দুর রহমান (৪৮), সাব্বির আহমদ (৪০), নুর আহমদ ওরফে গুড়া মিয়া (৬৫) এবং আব্দুল মোতালেব (৩৮)। তাঁরা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ও নয়াপাড়া এলাকার বাসিন্দা।

একই পরিবারের তিন সদস্য অপহৃত হওয়ায় স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। আহমেদ আলীর স্ত্রী মুন্নী আক্তার বলেন, “পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে আমরা এখন অসহায় হয়ে পড়েছি।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম এবং ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া ঘটনাটি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ সমন্বয়ে জেলেদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় টেকনাফ উপকূলজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় জেলেরা বলছেন, অতীতেও নাফ নদীতে মাছ ধরতে গিয়ে বহু বাংলাদেশি জেলে একইভাবে অপহরণের শিকার হয়েছেন, যা সীমান্তবর্তী এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram