

মাহমুদুল হাসান, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াত সহজ করতে এ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর ভাঙন প্রতিরোধে বরাইদ এলাকার ছনকায় অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্প্রতি দৌলতদিয়া ঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সময়ের দাবি। সেতু নির্মাণের আগে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ঘাট সংস্কার কাজও দ্রুত শুরু করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, মানিকগঞ্জের নদীভাঙন রোধে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। তবে সব কাজ একসঙ্গে সম্পন্ন করা সম্ভব নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
পরে ছনকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমামদের সম্মানী প্রদান তারই অংশ। খাল খননের ফলে কৃষকরা সেচ সুবিধা আরও সহজে পাবেন।
স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনপ্রতিনিধি নির্বাচনে যোগ্য ও জনবান্ধব ব্যক্তিদের বেছে নিতে হবে, যাতে তারা সবসময় জনগণের পাশে থাকতে পারেন।
শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক বিরোধের বাইরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা নিয়ে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করা উচিত নয়। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন এবং সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ধলেশ্বরী নদীর ভাঙন প্রতিরোধে ৪২ লাখ টাকা ব্যয়ে ৮০ মিটার দৈর্ঘ্যের নদী রক্ষা বাঁধ নির্মাণকাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

