

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জিয়ারত করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে তার গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রবেশ করে। এ সময় হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দিতে দেখা যায় তারেক রহমানকে।
ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করার উদ্দেশে রওনা দেন।
জুলাই গণঅভ্যুত্থানের আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিলো তারেক রহমানের। তবে বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানিয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের আহত না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না।
