ঢাকা
logo
প্রকাশিত : March 20, 2025

রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু আজ

সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক হবে। পর্যায়ক্রমে অন্য দলসমূহের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।

বৈঠকে এলডিপির সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। অন্যদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কে কিউ সাকলায়েন ও অধ্যাপক ওমর ফারুক।

এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এখন ওয়ান টু ওয়ান দলগুলোর সঙ্গে কথা বলবে যে, যেটা হয় হিউম্যান ইন্টার‍্যাকশনের মাধ্যমে কোথায় কোথায় কি কি তাদের অবজার্বেশন, কোথায় তাদের রিজার্বেশন আছে, কি করলে ডেমোক্রেটিক প্রসেসটা আমাদের স্মুথ হবে।’

উল্লেখ্য, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। গত ১৫ ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয়।

প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত ১৫টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।

এখনও মতামত জানায়নি বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২৩টি দল। বিএনপি আগামী সপ্তাহ এবং জামায়াত ও এনসিপি কয়েক দিন সময় চেয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে দু’ধাপে ১১টি কমিশন গঠন করে। এর মধ্যে প্রথম ধাপের ছয়টি কমিশনের প্রতিবেদন গত ফেব্রুয়ারিতে প্রকাশ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram