

জসিম সিদ্দিকী, কক্সবাজার: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সুস্থ জাতি গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তাই বিভিন্ন জেলায় সাইক্লিংসহ অন্যান্য প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করা হবে। তিনি বলেন, মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটার সড়ক ভোরে ফ্রী থাকে৷ প্রতিবছর এই মেরিন ড্রাইভ সাইক্লিং রেসিং প্রতিযোগিতা চলমান থাকবে ৷
কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আয়োজনে মেরিন ড্রাইভ রোড সাইকেল রেসিং অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসব কথা বলেন ৷
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রোড সাইকেল রেসিং শেষে সকালে উখিয়া উপজেলার ইনানী বেওয়াচ হেলিপ্যাড মাঠে পুরষ্কার বিতরণ করা হয় ৷
রোড সাইকেল রেসিং পেশাদার ২০০ জন কলাতলি প্যারাসিলিং পয়েন্ট থেকে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত এবং অপেশাদার ২০০ জন কলাতলি থেকে ইনানী বেওয়াচ পর্যন্ত মোট ৪০০ জন মহিলা-পুরুষ এই সাইকেল রেসিংয়ে অংশগ্রহণ করেন ৷
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজারের ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানাসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ ৷

