ঢাকা
logo
প্রকাশিত : February 2, 2025

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৫

ইউক্রেনজুড়ে এবার বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির আবাসিক ভবন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রুশ বাহিনীর এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) ইউক্রেনজুড়ে ১২৩টি ড্রোন এবং ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। মস্কোর এ বিধ্বংসী মিসাইল ও ড্রোন হামলায় ১৮টি আবাসিক ভবন, একটি স্কুল ও জ্বালানি অবকাঠামো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে।ইউক্রেনের বিমান বাহিনীর বরাতে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিধ্বংসী এ মিসাইল আক্রমণ ইউক্রেনের জ্বালানি শক্তির অবকাঠামোকে লক্ষ্য করেই চালানো হয়েছিল এবং তারা একদিনে ১০৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার অর্ধেকের বেশি ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দূরে পোলতাভা শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ আটজন নিহত ও ১৭ জন আহত হয়েছে। হামলায় অন্তত ১৮টি ভবন, একটি কিন্ডারগার্টেন এবং জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে মেয়র জানিয়েছেন, ড্রোন হামলায় একজন নারী নিহত ও চারজন আহত হয়েছেন। এছাড়া উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি শহরের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ হামলায় টহল দেয়ার সময় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

ইউক্রেন যুদ্ধ প্রায় তিন বছর পূর্ণ করতে চলেছে, সংঘাত কমাতে কোনো পক্ষকে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। তবে আগামী কয়েক মাসের মধ্যেই সংঘাত বন্ধে আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেন এবং রাশিয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিযুক্ত বিশেষ দূত কেথ কেলোগ।

কেথ কেলোগ আরও জানান, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতির প্রাথমিক শর্ত হলো কিয়েভে নির্বাচন আয়োজন করতে হবে। যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব ইউক্রেন কীভাবে নেবে সে বিষয়টি স্পষ্ট নয়।

তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ থামলেও এ বছর তাদের নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এছাড়া রাশিয়া আবারও ইউক্রেনে হামলা চালাবে না এমন নিশ্চয়তা চান তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram