ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪২
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৫

সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চুরির রহস্য উদঘাটন

রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির রহস্য উদঘাটন এবং চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতাররা হলেন মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) ও সাদ্দাম হোসেন (৩১)।

গত বৃহস্পতিবার হতে শনিবার পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ ও মুরাগনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ। এসময় তাদের হেফাজত হতে চুরি হওয়া মোট ৫০ ভরি আট আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি আনুমানিক বেলা ১টায় ধানমন্ডি মডেল থানাধীন বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’(দোকান নং ০১৪ ও ০১৫) শো-রুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শো-রুমের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন অজ্ঞাতনামা চোরেরা শো-রুমের তালা কেটে ভেতরে প্রবেশ করে ১৫৯ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দুই কোটি পঞ্চাশ লাখ আটাশ হাজার আটশত টাকা।

ডিবি সূত্রে আরও জানা যায়, ওই ঘটনা ও মামলার পরিপ্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ডিবি ঘটনায় জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারে তদন্ত শুরু করে। গোয়েন্দা বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে।

ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, এক অভিনব পদ্ধতিতে শো-রুমের সাটার কেঁটে ভেতরে প্রবেশ করে মাত্র আট মিনিটের মধ্যে স্বর্ণালংকারসহ সংঘবদ্ধ চোরচক্র পালিয়ে যায়। ওই দলের একজন একটি চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে এবং অপর একজন দ্রুত সাটারের তালা কাটে। তৃতীয় এক ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে হতে স্বর্ণালঙ্কার বের করে। এরপর একটি হ্যাভারসেক ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে আসেন ওই ব্যক্তি। এছাড়া আরও কয়েকজনকে শোরুমের চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।

ডিবি সূত্রে আরও জানা যায়, ভিডিও ফুটেজে প্রাপ্ত ছবির সাথে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত ৯ জানুয়ারি হতে অভিযান পরিচালনা শুরু করে। অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে মো. রুবেল (২৮) নামে একজনকে হেফাজতে নেওয়া হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে কুমিল্লার দেবীদ্বার বাজারসংলগ্ন নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে সফিক ওরফে সোহেলকে (৩৬) হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকার কোম্পানীগঞ্জ বাজারের একটি জুয়েলারি দোকান হতে ২৮ ভরি ১৪ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কার এবং ২১ ভরি ১০ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে সাদ্দাম হোসেন (৩১) নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ কর্তৃক চুরির ঘটনায় জড়িত মোট তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক মোট ৫০ ভরি আট আনা চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।

ডিবি পুলিশ জানায়, ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র শনাক্ত করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতার এবং চুরি যাওয়া অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারে নিবিড় তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram