ঢাকা
logo
প্রকাশিত : December 16, 2024

কুড়িগ্রামে স্মৃতিস্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৯

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার ভোরে বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলার বাসস্ট্যান্ড চত্বরের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদারের সমর্থক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় সকাল ১০টার দিকে উপজেলার কলেজ মোড়ে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। এসময় ৯ জন আহত হন।

আহতরা হলেন- ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার মাইদুল ইসলাম শেখ, ওমর ফারুক, আইয়ুব আলী, কামাত আঙ্গারিয়া গ্রামে সোহেল, আব্দুল্লাহ আল লিমন, ইয়াকুব আলী ও বাগভান্ডার এলাকার আব্দুর রহমান, পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ এলাকার সেলিম মিয়া ও তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরের স্বদেশ শিকদার। সোহেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার বলেন, মহান বিজয় দিবস উপলক্ষ্যে আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে কয়েকজন নেতাকর্মী ফুল নিয়ে যায়। কিন্তু জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের শতাধিক লোকজন পূর্ব পরিকল্পিতভাবে স্মৃতিস্তম্ভে উপস্থিত হয়ে বাধা প্রদান করে। পরে তারা আরও সংঘবদ্ধ হয়ে কলেজ মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় ও আমার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় আমাদের কয়েকজন আহত হয়েছে। তিনি আরও বলেন, হামলাকারীরা কয়েকজন স্থানীয় সংবাদকর্মীকে লাঞ্ছিত করেছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে আইনি ব্যবস্থা নেবো।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি। তেমন কিছু জানি না। ফরিদুল হক শাহিন শিকদার বিএনপি থেকে বহিস্কৃত। সে বিএনপির কিছু না।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, মারামারির ঘটনায় কয়েকজন চিকিৎসা নিয়েছেন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের বক্তব্য জানতে অফিসিয়াল নম্বরে কল দেয়া হয়। তিনি তা রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram