ঢাকা
logo
প্রকাশিত : November 29, 2026

মাদারীপুরে আ'লীগের মিছিল ঘিরে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল নিক্ষেপ

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে ঢাকা–বরিশাল মহাসড়কের রাজৈর টেকেরহাট বন্দর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এই পরিস্থিতি সড়ক যানবাহন চলাচল নেই বললেই চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে টেকেরহাট বন্দরে জড়ো হন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিল বের করা হলে এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায়। দলীয় নেতাকর্মীদের দাবি, মিছিলে প্রায় ৫ হাজার লোক অংশগ্রহণ করেছেন।

এদিকে মিছিলকে কেন্দ্র করে টেকেরহাট বন্দরের বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতি ছড়িয়ে পড়ে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলকারীদের মধ্যে কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

ককটেল নিক্ষেপের পর টেকেরহাট বন্দর ও ঢাকা–বরিশাল মহাসড়ক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে বিএনপির কিছু নেতাকর্মী ও পুলিশ সদস্যদের অবস্থান পরিবর্তন করে সরে যেতে দেখা গেছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি ও মিছিলের কারণে টেকেরহাট বন্দরের বিভিন্ন স্থানে তাদের আধিপত্য দেখা যায় বলে স্থানীয়দের দাবি।

ঢাকা থেকে দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র টেকেরহাট বন্দরে এমন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঢাকা–বরিশাল মহাসড়কে চলাচলকারী যানবাহন এবং বন্দরের ব্যবসায়িক কার্যক্রম পরিস্থিতির কারণে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে টেকেরহাট বন্দরের পরিস্থিতি বর্তমানে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সংঘর্ষ ও ককটেল নিক্ষেপের ঘটনায় জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

তবে ককটেল নিক্ষেপের ঘটনায় কারা জড়িত, সংঘর্ষে কেউ হতাহত হয়েছে কি না, পুলিশের ভূমিকা এবং বর্তমানে টেকেরহাট বন্দরের পরিস্থিতি কী এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিকদের কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram