ঢাকা
logo
প্রকাশিত : November 18, 2026

সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত

রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন আরোহী। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে জরুরি উদ্ধারকর্মীরা। প্রাথমিক তদন্তে বিমানটির যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তোনভ অ্যান-১২ মডেলের পরিবহন বিমানটি পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো শহরের কাছে একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। মস্কো থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত এই এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এর ১৯ আরোহীর কেউই বেঁচে ফিরতে পারেননি। সাধারণত এ মডেলের বিমানে ছয়জন ক্রু সদস্য থাকেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন রুশ বিমানবাহিনীর বিশেষজ্ঞরা। প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রপাতির ত্রুটির বিষয়টি সামনে এসেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির বরাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি নির্ধারণে ঘটনাস্থলে কাজ করছে রুশ অ্যারোস্পেস ফোর্সের একটি তদন্ত কমিশন।

এদিকে, দুর্ঘটনাস্থল থেকে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আঞ্চলিক গভর্নর ইলিয়া সেরেদিউক জানিয়েছেন, জরুরি উদ্ধারকর্মীরা বিমানটির আগুন নিভিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানেও সহায়তা করছেন তারা।

ইয়াগুনোভো গ্রামের কাছে বিমান বিধ্বস্ত হওয়ার স্থান থেকে ধারণ করা একটি ভিডিও অনলাইনে প্রকাশ করেন সেরেদিউক। সেখানে তিনি জানান, আঞ্চলিক আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

এ ঘটনায় ফ্লাইট নিরাপত্তাবিধি লঙ্ঘনের সম্ভাব্য অভিযোগে তদন্ত শুরু করেছে রাশিয়ার শীর্ষ অপরাধ তদন্ত সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি। বিমান দুর্ঘটনার পর এ ধরনের তদন্ত শুরু করা দেশটিতে প্রচলিত নিয়মিত প্রক্রিয়া।

সোভিয়েত ইউনিয়নে নির্মিত চার ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ পরিবহন বিমান আন্তোনভ অ্যান-১২। ১৯৫০-এর দশকের শেষ দিকে এটি পরিষেবায় যুক্ত হয়। এ মডেলের এক হাজারের বেশি বিমান তৈরি করা হয়েছিল। এর কিছু বিমান এখনো রাশিয়াসহ বিভিন্ন দেশে ব্যবহার করা হচ্ছে।

এর আগে, গত সেপ্টেম্বরে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে দেশটির পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম টুপোলেভ টিইউ-৯৫ সামরিক বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ছয়জন ক্রু সদস্য নিহত এবং একজন আহত হন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram