ঢাকা
logo
প্রকাশিত : November 16, 2026

‘কথা রাখার কোনো ইচ্ছাই তার ছিল না’, নেতানিয়াহু সম্পর্কে স্মৃতিকথায় বাইডেন

গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর প্রতিশ্রুতি দিয়েও তা বারবার ভঙ্গ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।

নিজের প্রকাশিতব্য স্মৃতিকথায় তিনি লিখেছেন, নেতানিয়াহু বারবার আশ্বাস দিলেও ইসরায়েলি সামরিক অভিযানে বেসামরিক মানুষের মৃত্যু থামেনি।

‘প্রমিস মি, আমেরিকা’ শীর্ষক স্মৃতিকথায় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং নেতানিয়াহুর সঙ্গে নিজের কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন বাইডেন। শুক্রবার (১৩ নভেম্বর) সিএনএনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে বইটির কিছু অংশ প্রকাশিত হয়েছে। স্মৃতিকথাটি আগামী ১৭ নভেম্বর প্রকাশের কথা রয়েছে।

বাইডেনের ভাষ্য, হামাসের হামলার পর তিনি নেতানিয়াহুকে একাধিকবার ফোন করেছিলেন। ওই হামলার পুনরাবৃত্তি ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও তাকে আশ্বস্ত করেছিলেন। তবে একই সঙ্গে ইসরায়েলি অভিযানে আটকে পড়া বেসামরিক মানুষদের রক্ষায় নেতানিয়াহুকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।

বাইডেন লিখেছেন, নেতানিয়াহু বেসামরিক মানুষের প্রাণহানি বাড়তে থাকায় ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং যুক্তরাষ্ট্রের সমর্থন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি বুঝতে পেরেছিলেন।

এ বিষয়ে সতর্ক হওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু প্রতিবারই নতুন করে হামলা চালানো হতো এবং তাতে আরো বেসামরিক মানুষ নিহত হতেন। এ বিষয়ে প্রশ্ন তুললে ইসরায়েলি পক্ষ নানা ব্যাখ্যা দিত।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহু প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন, তা তিনি বুঝতেন। তবে নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনা করতে তার অনিচ্ছা বাইডেনকে হতাশ করেছিল।

স্মৃতিকথায় দুই নেতার মধ্যকার আস্থার সংকটের কথাও উল্লেখ করেছেন বাইডেন। তার মতে, নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ থাকলেও তাদের মধ্যে তেমন বিশ্বাস ছিল না। নেতানিয়াহুর কিছু আচরণ ও সিদ্ধান্ত নেওয়ার ধরন নিয়েও তিনি উদ্বিগ্ন ছিলেন।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) উদ্ধৃত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সংঘাতে প্রায় ৭৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ছাড়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজার ব্যাপক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram