

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর, নন্দিগ্রাম ও সোনাপুর গ্রামের কয়েক হাজার মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র ভরসা খাসিয়ামারা নদীর ওপর নির্মিত একটি কাঠের সেতু। দীর্ঘদিন ধরে অস্থায়ী এই সেতু দিয়ে চলাচল করছেন তিন গ্রামের বাসিন্দারা। তবে ঝুঁকিপূর্ণ কাঠের সেতুতে প্রতিদিন পারাপার হতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হচ্ছে তাঁদের। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, নদীর ওপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই কাঠের সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ, কৃষিপণ্য পরিবহনসহ দৈনন্দিন নানা প্রয়োজনে তিন গ্রামের মানুষ সেতুটির ওপর নির্ভরশীল। বিশেষ করে জরুরি প্রয়োজনে দ্রুত উপজেলা সদরে পৌঁছাতে এই পথের বিকল্প নেই। কিন্তু অস্থায়ী কাঠের সেতু দিয়ে চলাচল করতে গিয়ে তাঁদের প্রতিনিয়ত ঝুঁকি ও দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও প্রতিকূল হয়ে ওঠে।
নুরপুর গ্রামের বাসিন্দা ও সোনালী ব্যাংকের দোয়ারাবাজার শাখার কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ‘উপজেলা সদরের সঙ্গে আমাদের সহজে যাতায়াতের একমাত্র মাধ্যম এই কাঠের সেতু। প্রতিদিন নানা প্রয়োজনে সদরে যেতে হয়। কিন্তু অস্থায়ী সেতুর ওপর নির্ভর করে চলাচল করতে হচ্ছে। এখানে দ্রুত একটি পাকা সেতু নির্মাণ করা হলে আমাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।’
একই গ্রামের যুবক জাফর আলী বলেন, ‘খাসিয়ামারা নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণ আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই সেতু দিয়ে অল্প সময়ে উপজেলা সদরে পৌঁছানো যায়। গত বছর থেকে স্থানীয় উদ্যোগে কাঠের সেতু নির্মাণের কাজ শুরু করি। এবারও সেই উদ্যোগের ধারাবাহিকতায় মানুষের চলাচল সচল রাখতে সেতুটি নির্মাণ ও সংস্কার করা হয়েছে। তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। এখানে পাকা সেতু নির্মাণ করা হলে তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।’
এলাকাবাসীর মতে, খাসিয়ামারা নদীর ওপর একটি স্থায়ী পাকা সেতু নির্মিত হলে নুরপুর, নন্দিগ্রাম ও সোনাপুরের মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ সহজ হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ইতিবাচক প্রভাব পড়বে।
তাই জনদুর্ভোগ বিবেচনায় খাসিয়ামারা নদীর ওপর দ্রুত পাকা সেতু নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের কার্যকর উদ্যোগ কামনা করেছেন এলাকাবাসী।
