

গোপালগঞ্জ প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা নামক স্থানে একই সময়ে ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। ক্ষতিগ্রস্থ যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-০১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমের বহরের দুইটি গাড়ি রয়েছে। এমপির গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও তিনি অক্ষত রয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরবতীতে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের একটির সাথে আরেকটির সংঘর্ষ হয়।
এতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ৪টি যাত্রীবাহী বাস, ২টি প্রাইভেট কার, ২টি ট্রাক ও ২টি ইঞ্জিন চালিত ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কটি প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারাত্মক আহত ২০/২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওসি।
এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরের প্রবেশকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িবহরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।
তবে এসময়ে রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হন। তাকে তাৎক্ষনিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
