

মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: “এ দেশে অন্যায়কারীর সংখ্যা খুবই কম। ৯৯ দশমিক ৯ শতাংশ মানুষ ভালো থাকতে চান, আর মাত্র ০ দশমিক ১ শতাংশ মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। এই ০ দশমিক ১ শতাংশ মানুষের কাছে আমরা হেরে যেতে পারি না। তাই অন্যায়ের প্রতিবাদ করা এবং ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।”
শুক্রবার (১৩ নভেম্বর) দিনাজপুরের বিরামপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন এবং কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
তিনি বলেন, অন্যায় ও বিশৃঙ্খলার কাছে ভালো মানুষদের কখনো পরাজিত হওয়া উচিত নয়। সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ভালো মানুষদের সম্মিলিত শক্তিই পারে অন্যায় ও বিশৃঙ্খলা প্রতিরোধ করতে।
এদিন বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার অগ্রযাত্রা এগিয়ে নেওয়া, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব সহায়তা বিতরণ করা হয়।
সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দ থেকে মোট ১৭২ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৮৬ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫২ জনকে ৫ হাজার টাকা করে এবং কলেজ পর্যায়ের ৩৪ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া ১৭ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ২৬ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

অন্যদিকে, ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষা চাষের উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়।
এছাড়াও গত ২৭ অক্টোবর চাকরির মেলায় Steadfast কুরিয়ারে ২০০ জন আবেদন কারীদের নিয়োগপত্র দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও ঝরে পড়া রোধ, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে। শিক্ষা, কর্মসংস্থান ও কৃষি খাতে সরকারি সহায়তা স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
