

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে কেনাকাটা শেষে দুই বছর বয়সী নাতিকে নিয়ে বাড়ি ফেরার সময় একটি ট্রলির ধাক্কায় মারা গেছেন দাদা শাহজাহান খন্দকার।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার পাঁচ্চরে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় তার সাথে দুই বছর বয়সী নাতি ছিল। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে জখম হলেও আশংকামুক্ত রয়েছে। নিহত শাহজাহান খন্দকার পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর গ্রামের মৃত আলম খন্দকারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাজার করার জন্য দুই বছর বয়সী নাতিকে সঙ্গে নিয়ে পাঁচ্চর বাজারে যান শাহজাহান খন্দকার। বাজার শেষে বাড়ি ফেরার সময় পাঁচ্চর বাজারের স্বর্ণকারপট্টির নিকট ভ্যানে উঠতে গেলে একটি অজ্ঞাত গাড়ি(মাটি/ইট বহনকারী ট্রলি) তাকে ধাক্কা দেয়। এসময় সাথে থাকা শিশুটিও ছিটকে সড়কের পাশে পড়ে যায়। গুরুতর আহত হন শাহজাহান খন্দকার। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, 'শিশুটিকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। রাস্তার পাশে ভ্যানে উঠার প্রস্তুতি নিচ্ছিলের। এসময় দ্রুতগতিতে একটি ট্রলি গাড়ি ছুটে আসে। নাতিকে দ্রুত সরাতে গেলে ট্রলিটি তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তার সাথে থাকা শিশুটির হাত-পা সামান্য জখম হয়। মুহুর্তের মধ্যে দুর্ঘটনাটি ঘটে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিল খান বলেন, 'শাহজাহান খন্দকারকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। দুর্ঘটনায় শিশুটির মাথা ও পিঠের কিছু অংশ ছিলে গেলেও বড় ধরনের কোনো আঘাত লাগেনি। সে সুস্থ আছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন বলেন, 'এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
