

জাকির হোসেন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: হেমন্তের সকালে কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতির কোলে যখন ফুটে ওঠে লাল শাপলা, তখন মনে হয় শিল্পীর রংতুলিতে আঁকা কোনো অপূর্ব ক্যানভাস, তখন প্রকৃতি যেন মুগ্ধতার অপরুপ সাজে সেজে উঠে, আর সেই সৌন্দর্যে বিমোহিত হয় দর্শনার্থীদের চোখ। ভোরের প্রথম প্রহরে সূর্যের সোনালি আলো শাপলার উপরে জমা শিশির বিন্দুতে পরে তখন শিশির কণাগুলো মুক্ত কণার মতো লাল শাপলার সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলে।
এমনই এক লাল শাপলার রাজ্য গড়ে উঠেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়। উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মেরুং বাজার। সেখান থেকে আধা কিলোমিটার পূর্বে অবস্থিত হাজাছড়া শাপলা বিল। স্থানীয়দের কাছে এটি ‘ছোট হাজাছড়া ড্যাপা’ নামে পরিচিত। লাল শাপলার অপরূপ সৌন্দর্যে বিলটি এখন প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। দূর থেকে দেখলে মনে হয় কোনো শিল্পীর নিপুণ হাতে তৈরি লাল-সবুজের নকশি কাঁথা। শাপলার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন স্থানীয় ও উপজেলাবাসী। বিলের সৌন্দর্য উপভোগ করতে জেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।
স্থানীয়দের তথ্যমতে, প্রায় ১০ একর আয়তনের এই বিলের ৫ একর জায়গাজুড়ে রয়েছে লাল শাপলার বিস্তার। প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিলে শাপলা ফুল ফোটে। প্রায় ২০ বছর ধরে এখানে শাপলা ফুল ফুটলেও গত দুই বছর ধরে বিলটি দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। চলতি বছর দর্শনার্থীদের আগমন বেড়েছে দ্বিগুণ।
জেলার বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা হাজাছড়া শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে আসেন। কেউ ছবি তুলছেন, কেউ তৈরি করছেন রিলস। কেউবা বিলের পানিতে হাত-পা ডুবিয়ে পানি ছিটিয়ে উল্লাসে মেতে উঠেন। প্রকৃতির অপার সৌন্দর্যে বিমোহিত হয়ে হারিয়ে যাচ্ছেন লাল শাপলার রাজ্যে।
বিলটিতে সাঁতার কাটতে থাকা রাজহাঁস, চারপাশের সবুজ প্রকৃতি, আর দুরন্ত বালকদের গোসল করতে করতে শাপলা তুলে গ্রামীণ মেঠোপথ ধরে বাড়ি ফেরার দৃশ্যও মুগ্ধ করে। প্রকৃতির এমন অনাবিল সৌন্দর্য যেন গ্রামীণ জীবনের এক চিরচেনা ছবি তুলে ধরে।
শাপলা বিল ঘুরতে আসা কলেজছাত্রী হালিমা আক্তার সোনিয়া নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, শাপলা বিলে বোন ও বান্ধবীদের নিয়ে ঘুরতে আসার অনুভূতি সত্যিই অসাধারণ। নৌকায় চড়ে প্রকৃতির অপার সৌন্দর্য, চারপাশে ফুটে থাকা শাপলা ফুল আর শান্ত জলরাশি মনকে মুগ্ধ করেছে। ঘুরে বেড়ানোর পাশাপাশি সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে অনেক ছবি তুলেছি এবং ভিডিও ধারণ করেছি। পুরো সময়টা হাসি, আনন্দ আর গল্পে কেটেছে। শাপলা বিলের এমন সুন্দর স্মৃতি সত্যিই মনে রাখার মতো।

শুধু সৌন্দর্য উপভোগ নয়, স্থানীয়দের জীবিকার সঙ্গেও জড়িয়ে রয়েছে এই হাজাছড়া শাপলা বিল। শাপলা সবজি হিসেবে অনেকের প্রিয়। এখানকার শাপলা অনেকেই বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। পাশাপাশি নিজেদের খাদ্যের চাহিদাও মেটান অনেকে। কেউ কেউ বিল থেকে মাছ ধরেন। কমবেশি সারা বছরই বিলে পানি থাকে। তবে শুকনো মৌসুমে বিলের কিনারার পানি শুকিয়ে গেলে সেখানে ধান চাষ করেন স্থানীয় কৃষকেরা।
স্থানীয় যুবক চাঁদমান আলী বলেন, আমরা প্রায়ই বিলের পাশে এসে বসে থাকি। বিলের লাল শাপলা ও বিস্তীর্ণ জলরাশি দেখে মুগ্ধ হই। দূরদূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। গতকাল জেলার মাইসছড়ি থেকে প্রায় ৪০ জন ঘুরতে এসেছিলেন। তাঁরা ছবি তুলেছেন, ভিডিও করেছেন এবং শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করেছেন। এসব দেখে দারুণ অনুভূতি কাজ করে।
তিনি আরও বলেন, শাপলা ফুলের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে সকালবেলা আসতে হবে। কারণ সকালবেলাতেই শাপলাফুল ফুটে থাকে।
উপজেলা যুবদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম দুলাল (দুলাল মেম্বার) বলেন, এই বিলটি আমাদের। এখানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জেলা ও জেলার বাইরের অনেক মানুষ ঘুরতে আসেন। তাঁদের আগমন দেখে আমাদের ভালো লাগে।
তিনি আরও বলেন, যাঁরা ঘুরতে আসেন, তাঁদের জন্য পাড়ে নৌকা বাঁধা আছে। নৌকায় করে তাঁরা ঘুরে বেড়ান। কারও জন্য কোনো বাধা নেই। কেউ কেউ আবার এখান থেকে শাপলা তুলে নিয়ে যান।
দর্শনার্থীদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শাপলা বিলটিতে একটি ভাসমান রেস্টুরেন্ট করার পরিকল্পনা রয়েছে। দর্শনার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে শাপলা বিলে ঘুরতে পারেন, সে জন্য একটি স্পিডবোট নামানোর কথাও ভাবছি।
দীঘিনালা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের বলেন, লাল শাপলা (Nymphaea rubra) শাপলা পরিবারের অন্তর্ভুক্ত একটি জলজ উদ্ভিদ। এই ফুল সাধারণত রাতে ফোটে এবং আলোর তীব্রতা বাড়ার সাথে সাথে পাপড়িগুলো আসতে আসতে বন্ধ হয়ে যেতে থাকে। বর্ষা ও শরৎকালে এ ফুল ফুটতে দেখা যায়। ক্ষেত্র বিশেষে এই সময়ের বাহিরেও লাল শাপলা ফুটে থাকে। একটি ফুলের সৌন্দর্য সাধারণত কয়েক দিন স্থায়ী হয়। জলাশয়ের পরিবেশ, পানির গভীরতা ও পুষ্টি উপাদানের ওপর শাপলার স্বাভাবিক বৃদ্ধি ও ফুল ফোটা নির্ভর করে।
তিনি আরও বলেন, হাজাছড়া শাপলা বিলের মতো প্রাকৃতিক জলাশয়ে লাল শাপলার বিস্তৃতি পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করেছে। পরিকল্পিতভাবে পর্যটন সুবিধা গড়ে তোলা গেলে এ ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের আকৃষ্ট করার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে পর্যটন বিকাশের ক্ষেত্রে বিলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও শাপলার স্বাভাবিক বিস্তার রক্ষা করা জরুরি।
