

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: পাঁচমাস যাবৎ হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য অবস্থায় রয়েছে, তার উপর আবার নির্বাহী কর্মকর্তা বদলি হয়ে চলে গেলেন গত সোমবার। ফলতঃ শূন্য এ পরিস্থিতিতে প্রশাসনিক কাজের পাশাপাশি সাধারণ মানুষের সেবা কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।
শুধু উপজেলা প্রশাসন কিংবা ভূমিই নয়- মৎস্য, শিক্ষা ও চিকিৎসাসহ একাধিক সরকারি দপ্তরে কর্মকর্তা না থাকায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্তদের দিয়ে কোনোমতে কিছু কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু প্রশাসনিক কাজ ও জনসেবা কার্যক্রম অনেকটা অকার্যকর হয়ে পড়েছে নোয়াখালীর এ দ্বীপ উপজেলা হাতিয়ায়।
একই সঙ্গে হাতিয়ার একমাত্র সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান 'হাতিয়া দ্বীপ সরকারি কলেজ'ও এক বছরের বেশি সময় ধরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছাড়াই পরিচালিত হচ্ছে।
উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে জানা গেছে, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় অনেক দাপ্তরিক কাজ আটকে আছে। কোনো কোনো দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে মেঘনার ওপারের সুবর্ণচর উপজেলার কর্মকর্তাদের। নিজ কর্মস্থলের দায়িত্ব পালনের পাশাপাশি হাতিয়ার অতিরিক্ত দায়িত্ব সামলানো এবং নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করা তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, বর্তমানে হাতিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, দুজন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, দুটি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আইসিটি কর্মকর্তাসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ১০টি পদই শূন্য রয়েছে।
এ ছাড়া অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনিয়মিত উপস্থিতির কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, নথিপত্র নিষ্পত্তি, মাঠপর্যায়ের পরিদর্শন ও উন্নয়ন প্রকল্পের তদারকি কার্যক্রমও ধীরগতিতে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সাল থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। ২০২৫ সালের ২৯ অক্টোবর থেকে উপজেলা মৎস্য কর্মকর্তার পদ এবং চলতি বছরের জুলাই মাস থেকে সহকারী কমিশনার (ভূমি) পদ শূন্য রয়েছে। সবশেষে গত সোমবার বদলি হয়ে চলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এর আগে গত ৪ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার এক প্রজ্ঞাপনে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশকে নোয়াখালীর হাতিয়া উপজেলায় পদায়ন করা হয়। তবে তিনি বিশেষ প্রশিক্ষণে থাকায় আগামী সপ্তাহে নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানিয়েছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন কর্মকর্তা যোগদান করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি প্রশিক্ষণে চলে যান। প্রশিক্ষণ শেষে প্রায় দেড় মাস দায়িত্ব পালনের পর গত ৯ জুলাই আবারও বদলি হয়ে চলে যান। এতে ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
সেবা নিতে আসা সাধারণ মানুষ জানান, কর্মকর্তাদের ঘন ঘন বদলি ও দায়িত্ব পরিবর্তনের কারণে জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা কার্যক্রমেও জটিলতা দেখা দেয়। অনেক সময় নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় সেবাপ্রত্যাশীদের।
হাতিয়া পৌরসভার বাসিন্দা ফাতেমা জান্নাত জানান, ছেলের জন্মনিবন্ধন করাতে তাঁকে কয়েকবার পৌরসভা কার্যালয়ে যেতে হয়েছে। পরে প্রশাসক না থাকায় পৌরসভার উপসহকারী প্রকৌশলী নিবন্ধন সম্পন্ন করেছে।
চরঈশ্বর রায় এলাকার শিক্ষক তপন সরকার অভিযোগ করে বলেন, “হাতিয়া দ্বীপ সরকারি কলেজে এক বছরের বেশি সময় ধরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নেই। এ ছাড়া বিভিন্ন বিভাগে একাধিক পদ শূন্য রয়েছে। এতে কলেজটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতি বছর কলেজটির এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার ফলাফলও নিম্নমুখী হচ্ছে।”
হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন, “গত দুই বছর ধরে আমার জমির নামজারি-সংক্রান্ত মিস কেসের শুনানি হচ্ছে না। নতুন এসিল্যান্ড যোগদান করে প্রশিক্ষণে চলে যান। পরে ফিরে এসে আবার পদোন্নতি পেয়ে বদলি হয়ে যান। এভাবে বারবার কর্মকর্তা পরিবর্তনের কারণে আমার নামজারি শুনানি পিছিয়ে যাচ্ছে।”
স্থানীয় বিশিষ্টজনদের অভিযোগ, হাতিয়ায় প্রায়ই নতুন ও অনভিজ্ঞ কর্মকর্তাদের পদায়ন করা হয়। আবার অল্প সময়ের মধ্যেই তাঁদের বদলি কিংবা প্রশিক্ষণে পাঠানো হয়। ফলে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে স্থায়ীভাবে প্রশাসনিক শূন্যতা তৈরি হচ্ছে। তাঁদের প্রশ্ন, সাড়ে ছয় লাখ মানুষের বসবাসের একটি গুরুত্বপূর্ণ দ্বীপ উপজেলা কি কর্মকর্তাদের পদায়ন, প্রশিক্ষণের পরীক্ষাগারে পরিণত হবে?
প্রায় ২১শ' বর্গকিলোমিটারের বেশি আয়তনের হাতিয়ায় বসবাস করেন সাড়ে ছয় লাখের বেশি মানুষ। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে প্রশাসনিক কার্যক্রমে সামান্য ঘাটতিও জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলে। অথচ কখনো ইউএনও নেই, কখনো এসিল্যান্ড নেই, আবার কখনো চিকিৎসক, শিক্ষা কর্মকর্তা কিংবা মৎস্য কর্মকর্তার অভাবে ব্যাহত হচ্ছে সরকারি সেবা। এভাবে একের পর এক পদ শূন্য থাকার কারণে দীর্ঘস্থায়ী সংকটে পড়েছে দ্বীপ উপজেলার প্রশাসনিক কার্যক্রম।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ আব্দুস সালামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, হাতিয়া উপজেলার প্রশাসনিক ও দাপ্তরিক শূন্য পদগুলোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এ বিষয়ে 'সচেতন নাগরিক সমাজ-হাতিয়া'র সভাপতি ও সমাজকর্মী দুলাল উদ্দিন বলেন, “হাতিয়া এখন আগের মতো নেই, সুবিশাল এ জনপদে দক্ষ ও পূর্ণকালীন কর্মকর্তা থাকা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকা এবং ঘন ঘন কর্মকর্তা বদলির কারণে সাধারণ মানুষ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে ভূমি অফিস, শিক্ষা ও চিকিৎসা খাতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যার গুরুত্ব বিবেচনা করে সরকারের সংশ্লিষ্ট বিভাগ এক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহন করা আবশ্যক।"
