

মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও অবৈধভাবে পণ্য গুদামজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অভিযানে বিধি লঙ্ঘনের দায়ে তিনটি লাইটার জাহাজকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় চ্যানেলে অবস্থানরত চারটি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়। এর মধ্যে তিনটি জাহাজের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬-এর ৬৭(ক) ধারা অনুযায়ী, প্রতিটি জাহাজকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নৌযানচালক ও মাঝি-মাল্লাদের নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অনুমোদন ছাড়া পণ্য গুদামজাতকরণ এবং নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সতর্ক করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্যের স্বার্থে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
