

মতিউল আলম, ময়মনসিংহ প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সরকার রাজনৈতিক ও প্রশাসনিকভাবে কঠোর অবস্থান গ্রহণ করেছে। তিনি ফ্যাসিবাদী অপতৎপরতা মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, ফ্যাসিস্টদের সন্ত্রাস নৈরাজ্য রোধে যে কোনো শিথিলতা ও দুর্বলতা সহ্য করা হবে না। দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে এবং কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে জেলার বিভিন্ন উপজেলার উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, রশিদুজ্জামান মিল্লাত ময়মনসিংহের উন্নযন সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ।
ময়মনসিংহ জেলা পরিষদের ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মাহবুবুর রহমান লিটন এমপি, জাকির হোসেন বাবলু এমপি, লুৎফুল হেল মাজেদ বাবু এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মতাহার হোসেন তালুকদার।
ময়মনসিংহ জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম, নিয়ামুল কবির সজল, শিক্ষক অধ্যাপক ড. হুমায়ুন কবির, ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিগণ।
অনুষ্ঠানে রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন সহ জনকল্যাণে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড শুরু করেছে। তিনি সকলকে এলাকার উন্নয়নে ও জনগণের কল্যাণে পরিকল্পিতভাবে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার আহ্বান জানান। তিনি ময়মনসিংহ জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশেষ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে বলেন ময়মনসিংহ জেলা পরিষদ স্বচ্ছতার সাথে যেভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে তা অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থের চেক সংশ্লিষ্ট প্রকল্প কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
