

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের অন্তর্গত সাংহাই ও খাই হাওরের মধ্যবর্তী এলাকায় ফসল রক্ষাবাঁধ ও সড়ক না থাকায় চরম দুর্ভোগে রয়েছেন অন্তত ১০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। জেবিবি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে হাসকুড়ি গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ফসল রক্ষাবাঁধ নির্মাণ না হওয়ায় প্রতিবছর দুই হাওরের প্রায় এক হাজার হেক্টর বোরো ফসল ঝুঁকির মুখে পড়ে। পাশাপাশি বর্ষা ও শুষ্ক মৌসুমে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয় স্থানীয় বাসিন্দাদের।
দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ গুরুত্বপূর্ণ বাঁধ ও সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু নানা কারণে তা বাস্তবায়িত না হওয়ায় প্রতিবছর স্থানীয় কৃষকদের স্বেচ্ছাশ্রমে বোরো ফসল রক্ষার চেষ্টা করতে হয়। এতে কৃষকদের সময়, শ্রম ও অর্থ ব্যয় হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষের চলাচলেও সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের নির্দেশনায় বাঁধ ও সড়কটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম এবং পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মোহন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সমাজসেবী আবুল হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমেদ, সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহিদনুর আহমেদ, সমাজসেবী আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ জানান, চলতি মৌসুমেই বাঁধটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তারা বলেন, বাঁধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিগত সরকার ভোটের রাজনীতির কারণে এটি নির্মাণ করেনি বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। ফলে প্রতিবছর কৃষকদের নিজেদের উদ্যোগে ফসল রক্ষায় নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে।
তারা আরও বলেন, বর্তমান সরকার মানুষের উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ। বাঁধটি নির্মাণ করা হলে একদিকে যেমন সাংহাই ও খাই হাওরের বোরো ফসল সুরক্ষিত থাকবে, অন্যদিকে ১০টি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে বাঁধ ও সড়কটি দ্রুত নির্মাণের আশ্বাস পেয়ে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। এখন তাদের প্রত্যাশা, প্রতিশ্রুতির বাস্তবায়নের মধ্য দিয়ে স্থায়ীভাবে দূর হবে ফসল রক্ষা ও যোগাযোগের সংকট।
