

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজ চালিয়ে যেতে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বিএনপির চার নেতাকর্মীর বিরুদ্ধে। দাবিকৃত টাকা না দেওয়ায় এক ঠিকাদারকে মারধর করে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লাসহ চারজনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ঠিকাদার মো. রুস্তম হাওলাদার। রোববার (৮ নভেম্বর) তিনি এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা এবং তাঁর সহযোগী সাকিব হাওলাদার, সজিব হাওলাদার ও মুবিন মোল্লা। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা।
অভিযোগে বলা হয়, এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠি সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই নির্মাণকাজে সাব-ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন রুস্তম হাওলাদার। শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে যাওয়ার পথে অভিযুক্তরা তাঁর নির্মাণকাজে বাধা দেন এবং কাজ চালিয়ে যেতে হলে তিন লাখ টাকা দিতে বলেন।
দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এ সময় তাঁর ছেলেসহ সঙ্গে থাকা অন্যদেরও মারধর করে একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
ঠিকাদার রুস্তম হাওলাদার অভিযোগ করে বলেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে লোকজন পাঠিয়ে তাঁকে মারধর করানো হয় এবং মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, ঠিকাদারের মোটরসাইকেল নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন অভিযুক্ত মাহবুব মোল্লা। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, সড়কের কাজের অংশীদার হিসেবে সেখানে তাঁর বিনিয়োগ রয়েছে। রুস্তম হাওলাদারের কাছে তিনি টাকা পাবেন। সেই টাকা আদায় করতে না পেরে মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
