

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাকিবুল হাসান নামে এক পর্যটককে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল সৈকতে গোসল করতে নামলে কয়েকজন সাগরের ঢেউ ও স্রোতে ভেসে যান। পরে স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ছাড়া তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ দুজনকে উদ্ধারে তল্লাশি চলছে।
প্রাথমিকভাবে নিহত তিন পর্যটকের নাম রোহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও আকাশ বলে জানা গেছে। নিখোঁজ দুজন হলেন নাফিসুল হক নিবিড় (২২) ও মোহাম্মদ হারুন। জীবিত উদ্ধার হওয়া রাকিবুল হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পর্যটকেরা বুধবারই কক্সবাজারে এসেছিলেন। তাঁদের বাড়ি ঢাকার উত্তরা এলাকার দিয়াবাড়িতে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। তাঁদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
