

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন। এর আওতাধীন তিন জেলার ১১টি উপজেলার উপকূলীয় এলাকায় ৬৩টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছেন কোস্ট গার্ডের সদস্যরা।
বাংলাদেশ কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা এবং জনসাধারণের জানমাল রক্ষায় দায়িত্ব পালন করছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূর্ব জোনের দায়িত্বপূর্ণ উপকূলীয় এলাকায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছেন কোস্ট গার্ডের সদস্যরা। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে হিন্দুধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন।
এ ছাড়া প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলা ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজাকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করা যাবে।
