

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির দুর্দান্ত জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৩-১ ব্যবধানের সহজ জয় পেয়েছে ইন্টার মায়ামি।
রোববার (১৮ অক্টোবর) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির জোড়া গোলের পাশাপাশি দুটি গোলে সরাসরি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে ৪৫তম মিনিটে লুইস সুয়ারেজের চমৎকার অ্যাসিস্টে, জার্মান বার্তেরামের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথি দল ইন্টার মায়ামি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দৃশ্যপটে আসেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে আটলান্টাকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। ম্যাচের ৫৬ মিনিটে লুইস সুয়ারেজের বাড়ানো পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। চার মিনিট পর বার্তেরামের অ্যাসিস্টে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করে দলের লিড ৩-০ করেন এই ফুটবল জাদুকর।
আটলান্টা ইউনাইটেডের হয়ে মূল একাদশে শুরু করা রাশিয়ান মিডফিল্ডার আলেক্সেই মিরানচুক পুরো ৯০ মিনিট খেললেও দলের পরাজয় এড়াতে পারেননি। ম্যাচের একেবারে শেষলগ্নে ৮৯তম মিনিটে ফাফা পিকল্ট স্বাগতিকদের হয়ে কেবল একটি সান্ত্বনাসূচক গোল শোধ করতে সক্ষম হন।
আগামী ২৫ অক্টোবর নিজেদের পরবর্তী ম্যাচে শিকাগো ফায়ারের আতিথ্য নেবে আটলান্টা ইউনাইটেড। একই দিনে নিউ ইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
