

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে দুর্গা মণ্ডপে সাজ-সজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামির ইসলাম (১৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার রাতে পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দক্ষিণ কৈবর্ত্যপাড়া সার্বজনীন দুর্গামন্ডপে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি ইলেক্ট্রিক মেশিনের সাহায্যে ককশিট জোড়া দিচ্ছিলেন। দূর্ঘটনার পর পরই গুরুত্বর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে উপস্থিত পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মোমিন জানান, তিনি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামের নুরুজ্জামানের পুত্র। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
