

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: স্মার্টফোন প্রযুক্তির গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এর মাধ্যমে শিক্ষার্থী ও তরুণরা জ্ঞান অর্জনসহ নানা উপকার পেতে পারে। তবে এর অপব্যবহারও রয়েছে। তাই স্মার্টফোন ব্যবহারে শিক্ষার্থীও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্যাহ বুলু।
তিনি বলেন, স্মার্টফোনের ভালো দিকগুলো কাজে লাগাতে হবে এবং এর অপব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে। বিশেষ করে রাত ৮টার পর শিক্ষাথীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঘাটলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্যাহ বুলু।
তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে নজর রাখার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মাস্টার সৈয়দ মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য সানীমা বরকত বুলু, উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ্র দাস, নাজমুল গনি মান্না, মাহফুজুল হক আবেদ, ইউনিয়ন বিএনপির আহবায়ক কাজী আবুল বাসার, রিপনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
