

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম
চট্টগ্রাম ও আশপাশের গুরুত্বপূর্ণ ও দুর্গম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানের পাশাপাশি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।
এপিবিএনের প্রধান অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের সার্বিক নেতৃত্বে এবং ৯ এপিবিএন, চট্টগ্রামের অধিনায়কের তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
৯ এপিবিএনের আওতাধীন নোয়াখালীর ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প-৩-এ বসবাসরত এফডিএমএন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত, ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং মানবপাচার প্রতিরোধেও কাজ করছে বাহিনীটি।
অন্যদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন নিরাপত্তায় দায়িত্ব পালন করছে ৯ এপিবিএনের সদস্যরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা এবং ভিভিআইপি নিরাপত্তা দায়িত্বেও তাদের মোতায়েন করা হচ্ছে।
তবে জঙ্গল সলিমপুরে ৯ এপিবিএনের কার্যক্রম বিশেষ গুরুত্ব পাচ্ছে। দুর্গম এ এলাকায় যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনার পাশাপাশি দুটি অস্থায়ী এপিবিএন ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা এবং সরকারবিরোধী কার্যক্রম প্রতিরোধে কাজ করছে বাহিনীটি।
অবৈধ অস্ত্র ও গুলি, চোরাচালান, মাদক এবং বিস্ফোরক উদ্ধারে ৯ এপিবিএনের চৌকস গোয়েন্দা টিমের নজরদারি অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানিয়েছে সংশ্লিষ্টরা।
এছাড়া প্রযুক্তিনির্ভর অপরাধ দমনেও কাজ করছে ৯ এপিবিএন। হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর, অনলাইন ও বিকাশ-নগদ প্রতারণার অর্থ উদ্ধার এবং হ্যাক হওয়া ফেসবুক, জিমেইল, হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্ট পুনরুদ্ধারে সাইবার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, প্রচলিত আইনশৃঙ্খলা দায়িত্বের পাশাপাশি দুর্গম এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা, সাইবার অপরাধ ও মাদক-অস্ত্র উদ্ধারে সমন্বিতভাবে কাজ করছে ৯ এপিবিএন। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় দ্রুত মোতায়েন হয়ে নিরাপত্তা নিশ্চিত করাও বাহিনীটির অন্যতম দায়িত্ব।
