

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের সারাদেশে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদেশি পিস্তল ও ৬টি ককটেল সাদৃশ্য বস্তুসহ দুলাল সরদার (৪০) নামে এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিওিতে পুলিশের একটি চৌকস দল দাউদখালী ইউনিয়নের ডাকাত অধ্যুষিত এলাকা খায়ের ঘটিচোর গ্রামে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দুর্ধর্ষ ডাকাত দুলাল সরদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুলাল সরদার উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী এক প্রেস ব্রিফিং এ গণমাধ্যমকে জানান, বাংলাদেশ পুলিশ ৬ সেপ্টেম্বর থেকে দেশে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান শুরু করেছেন।
তারই ধারাবাহিকতায় থানা পুলিশ শনিবার দিবাগত রাতে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অতঃপর ডাকাত দুলাল সরদার এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিওিতে সেখানে জেলা এসপির সার্বিক তত্ত্বাবধায়ন এবং ওসির রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের বিশেষ চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে একটি ম্যাগাজিন ব্যতীত পিস্তল এবং ৬টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুলাল সরদারের বিরুদ্ধে ঝালকাঠি জেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
