

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: কারও হাতে সনদ, কারও বুকে ঝকঝকে ক্রেস্ট। কারও চোখে ভবিষ্যতের স্বপ্ন, আবার কারও মুখে বিজয়ের মিষ্টি হাসি। বই-খাতার গণ্ডি পেরিয়ে একদিনের জন্য নওগাঁর বদলগাছী উপজেলা অডিটোরিয়াম যেন হয়ে উঠেছিল খুদে মেধাবীদের আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলা।
নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে মেধা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সৃষ্টি হয় এমনই উৎসবমুখর পরিবেশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বদলগাছী অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইদুর রহমান, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী চৌধুরী টিপু এবং বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রবিউল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মেধা ও মনন বিকাশে প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। ছোটবেলার এই অর্জনই একসময় তাদের বড় স্বপ্ন দেখার সাহস জোগাবে।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের মেধা মূল্যায়ন পরীক্ষায় বদলগাছী উপজেলার ১৯টি কিন্ডারগার্টেনের মোট ৪০১ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে ফলাফলের ভিত্তিতে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট।
পুরস্কার হাতে পেয়েই খুদে শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। কারও হাতে সনদ, কারও হাতে ক্রেস্ট—আর সেই দৃশ্য দেখে অভিভাবকদের চোখেমুখেও ফুটে ওঠে গর্ব ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্নের ঝিলিক।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করার অনুপ্রেরণাই দেবে না; বরং তাদের আত্মবিশ্বাস, প্রতিযোগিতার মনোভাব, মেধা ও প্রতিভা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খুদে মেধাবীদের এই অর্জন যেন শুধু একটি পুরস্কার নয়—আগামীর বড় স্বপ্নের পথে তাদের প্রথম আত্মবিশ্বাসী পদক্ষেপ।
