

মো. আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও এগুলো রোগীদের সেবায় কোনো কাজেই আসছে না। কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকলেও এতে হয়নি কোন অপারেশন। এখানে লোক দেখানোর মতই বছরে একটি বা দুইটি সিজারিয়ান অপারেশন করা হয়। অথচ হাসপাতালের আশপাশে গড়ে উঠা কয়েকটি প্রাইভেট ক্লিনিকে বছরে প্রায় এক হাজারের বেশি সিজারিয়ান অপারেশন হয়ে থাকে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের অপারেশন থিয়েটার তালাবদ্ধ রয়েছে। ভর্তি থাকা রোগী সরাইল সদরের নাথপাড়ার বাসিন্দা সোহেল মিয়া ও দেওড়া গ্রামের রোকেয়া বেগম বলেন, চিকিৎসক কম থাকায় আমরা ঠিকমতো সেবা পাচ্ছি না। সকল ঔষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। হাসপাতালে জেনারেটর থাকা সত্ত্বেও বিদ্যুৎ চলে গেলে এটা চালু করেন না, আমাদের কষ্ট করতে হয়। রোগীদের খাদ্য তালিকা অনুযায়ী কোন খাবার পাই না।
হাসপাতালটিতে ৩০টি পদের বিপরীতে কর্মরত ১৬ জন দেখানো হলেও তাদের মধ্যে পাঁচজন চিকিৎসক ডেপুটেশনে রয়েছেন। এছাড়া দু-য়েক জন ডাক্তার প্রায়ই ছুটিতে থাকে। যার দরুণ চিকিৎসক সংকটে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা সৈয়দটুলা গ্রামের রশিদ মিয়া বলেন, আমরা দরিদ্র মানুষ, ৬০ টাকা গাড়ি ভাড়া দিয়ে এসে ১০ টাকা মূল্যের এন্টাসিড ট্যাবলেট পেয়েছি, বাকি ঔষুধ বাইরে থেকে কিনতে বলেছেন। কুট্টাপাড়া গ্রামের স্বপ্না বেগম জানান, ডায়াবেটিস পরীক্ষার জন্য বাইরে যে মেশিনে ২৫ টাকা লাগে সে মেশিনেই পরীক্ষা করে ৬০ টাকা নিচ্ছেন উনারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, আমরা মাসে ৪টি সিজার করে থাকি৷সিজারিয়ান অপারেশনের রেজিষ্টার খাতা দেখতে চাইলে তিনি তা দেখাতে রাজি নন। বিভিন্ন টেস্টের ফি নির্ধারিত মূল্যেই নেওয়া হয়।
