ঢাকা
logo
প্রকাশিত : September 2, 2026

চার মাসের শিশু অপহরণের ৯ দিন পর উদ্ধার, আটক ২

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত চার মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় অপহরণ ও মুক্তিপণ মামলার দুই এজাহারভুক্ত আসামিকে আটক করা হয়েছে।

র‍্যাব-১৫ কক্সবাজার ও র‍্যাব-৭ চট্টগ্রামের যৌথ অভিযানে চট্টগ্রাম নগরীর বন্দর থানার কমিশনার গলির কাঁচাবাজার এলাকা থেকে সোমবার (৩১ আগস্ট) রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশু মারুফা জান্নাত মাহিকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ হালামীপাড়া গ্রামের রশিদ উল্লাহ ও ইয়াছমিন আক্তারের মেয়ে। গত ২১ আগস্ট শিশুটি বাবা-মায়ের সঙ্গে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে যায়।

পরদিন ২২ আগস্ট বিকেলে এক নারী শিশুটিকে কোলে নিয়ে পাশের ঘরে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে বের হয়ে যান। পরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা সংশ্লিষ্টদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির সন্ধান না মেলায় থানায় যাওয়ার উদ্যোগ নেওয়া হয়।

পরে ২৬ আগস্ট দুটি মোবাইল নম্বর থেকে শিশুটির মায়ের কাছে ফোন করে অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ করা হয়। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মামলার পলাতক দুই এজাহারভুক্ত আসামি চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-১৫ ও র‍্যাব-৭-এর যৌথ দল অভিযান চালিয়ে মো. আলম ওরফে নুরুল আলম (৩০) এবং ত্রিশা ওরফে মারিয়া ওরফে সানজিনা আক্তার তিশা (২৫)-কে আটক করে।

র‍্যাব জানায়, আটক দুজনের হেফাজত থেকেই অপহৃত চার মাসের শিশু মাহিকে উদ্ধার করা হয়েছে। আটক আসামি ও উদ্ধার হওয়া শিশুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram