

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চোরাচালানবিরোধী অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ডে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪১০ বস্তা ইউরিয়া সারসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ১৪ লাখ ৩৫ হাজার টাকা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারি। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত সার ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
