

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়ম ও খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।
এসব প্রতিষ্ঠানের মধ্যে পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিম্নমানের উপকরণ ব্যবহার, পোকামাকড়ের উপস্থিতি এবং প্রয়োজনীয় নিবন্ধন না থাকার মতো অনিয়ম পাওয়া গেছে।
শনিবার (২২ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালত, চট্টগ্রাম মহানগরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে এ জরিমানা করা হয়।
রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো—ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারির কারখানা, মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেড, উৎসব সুপার শপ এবং রিও ক্যাফে-মাজায়দার।
আদালত সূত্রে জানা যায়, ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারির কারখানায় নিম্নমানের ঘি দিয়ে খাদ্যপণ্য তৈরি, পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ ও ব্যবহার, মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট রাখা এবং যথাযথ লেবেলিং না করার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ভাঙা টাইলস, অপরিচ্ছন্ন ড্রেনেজ, নোংরা সরঞ্জাম, পোকাযুক্ত বাদাম ও ফ্রিজারে মেয়াদহীন খাবার সংরক্ষণের মতো অনিয়মও শনাক্ত হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডে চিপস, নুডলস ও ম্যাংগো বারসহ বিভিন্ন খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে ঘাটতি পাওয়া যায়। কারখানায় তেলাপোকার উপস্থিতি, ম্যাংগো পাল্পের ড্রামে পোকামাকড়, ভাঙা ও তেলযুক্ত মেঝে এবং পোড়া তেল ব্যবহারের প্রমাণও মেলে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উৎসব সুপার শপে মেয়াদোত্তীর্ণ মোমোস, নষ্ট মরিচ, মসলা ও চকোলেট সংরক্ষণ ও বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে মাংস রাখা এবং আমদানিকৃত পণ্যে প্রয়োজনীয় তথ্য ও লেবেল না থাকার অভিযোগ পাওয়া যায়। এছাড়া নিবন্ধনবিহীন শিশুখাদ্য ও অনুমোদন ছাড়া খাদ্য সম্পূরক বিক্রি এবং একই সরঞ্জামে গরু ও খাসির মাংস প্রক্রিয়াজাত করার বিষয়ও শনাক্ত করা হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে।
অন্যদিকে, রিও ক্যাফে-মাজায়দারে পচা-বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি, কর্মীদের স্বাস্থ্যবিধি না মানা এবং প্রয়োজনীয় নিবন্ধন ও সনদ ছাড়া ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, অভিযানে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বেশ কিছু গুরুতর অনিয়ম পাওয়া গেছে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আদালত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।
তিনি বলেন, খাদ্য ব্যবসায়ীদের মানসম্মত পণ্য উৎপাদন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে আরও সতর্ক হতে হবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আদালত ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিকে আগামী ২২ সেপ্টেম্বর, মেরিডিয়ান ফুড প্রোডাক্টসকে ৬ সেপ্টেম্বর এবং উৎসব সুপার শপকে ৩০ আগস্ট সশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
