

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে প্রকাশ্যে মাদক সেবন করে মাতলামির অভিযোগে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ জুলাই) দুপুরে মাদক সেবন করে মাতলামির অভিযোগে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাবা তানজিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকার আব্দুর সাত্তারের ছেলে আবদুল্লাহ (২৭) এবং পূর্বপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোর্সালিন ইসলাম (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল্লাহ গাঁজা এবং মোর্সালিন টাপেন্টাডল সেবন করে প্রকাশ্যে মাতলামি করছিলেন। এ সময় তাদের আটক করে আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামির ঘটনায় দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রোববার দুপুরেই তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া জনশৃঙ্খলা বজায় রাখা এবং মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
