

মোঃ আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে দীর্ঘ যানজট লেগে আছে। বুধবার (৮ জুলাই ) মহাসড়কে সকাল ৮টা হতে এ যানজট লেগে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ। অনেক যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
সরেজমিনে দেখা গেছে, বিশ্বরোড মোড়ের গোলচত্বরের চারপাশের সড়কে বৃষ্টির পানি জমে থাকায় এই যানজট সৃষ্টি হয়েছে। এতে সরাইল উপজেলার বাড়িউড়া এলাকা থেকে বিশ্বরোড মোড় হয়ে শান্তিনগর এলাকা পর্যন্ত প্রায় ১০ কিঃমিঃ দীর্ঘ যানজট লেগে আছে। মহাসড়কের এই অংশে প্রতিদিন প্রতিনিয়ত এই যানজট লেগে থাকে বলে স্থানীয়দের অভিযোগ।
বিশ্বরোড মোড়ের ব্যবসায়ী মানিক মিয়া, সাধন পাল ও আক্তার হোসেন জানান, আমাদের দুর্ভাগ্য যে, এই যানজট নিয়ে আমরা কয়েক বছর ধরে ভোগান্তিতে রয়েছে। আমরা দ্রুত এই দুর্ভোগ থেকে রেহাই চাই।
এ বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, বিশ্বরোড মোড়ের গোল চত্বরের পাশে আশুগঞ্জ হতে আখাউড়া স্থলবন্দর চারল্যানে উন্নীত করার কাজ চলমান। গোলচত্বরের চারপাশে বৃষ্টির পানি জমে থাকার দরুন এ যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ সারাদিন ধরে চেষ্টা করেছে। আশাকরি কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
