

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ কাজিপুরে দুই বালু ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, লক্ষীপুর জেলার চর রমণীমোহন ইউনিয়নের মধুঘাট গ্রামের আলাউদ্দিন চৌকিদারের পুত্র শাহজামাল (৩০) এবং নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ফতেপুর গ্রামের আকতার হোসেনের পুত্র বাবু মিয়া (৩৫)।
বুধবার দুপুরে উপজেলার ঢেকুরিয়া ইকোপার্ক স্থান সংলগ্ন যমুনা নদীতে কাজিপুর থানা পুলিশ এবং উপজেলা আনসার বাহিনী সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(ঙ) ধারা ভঙ্গ করায় উক্ত আইনের ১৫(১) ধারায় তাদেরকে অর্থদন্ড ও অনাদায়ে তিন মাসের সাজা প্রদান করা হয়। পরে তাৎক্ষণিক অর্থ প্রদান করেন তারা।
