

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কামরুল ইসলাম নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামরুল (৩২) বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে। আহতরা হলেন, একই এলাকার হায়দার আলীর ছেলে গোলজার (৩৫) ও ইনসান আলীর ছেলে নূরনবী (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই এলাকায় টানা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ধানক্ষেতে কাজ করছিলেন কামরুল, গোলজার ও নূরনবী। কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুল মারা যান। এ সময় অপর দুইজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
