

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তারা অংশ নেন। পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য— তথা পুষ্টির নিরাপত্তা, কৃষি যান্ত্রিকীকরণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরি ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণের ওপর কংগ্রেসে বিস্তারিত আলোচনা করা হয়।
উপস্থিত মাঠ পর্যায়ের কৃষকেরা মাঠ স্কুলের মাধ্যমে অর্জিত তাদের নানা অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকার কৃষি অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং কৃষকেরা আরও স্বাবলম্বী হয়ে উঠবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও লাভজনক কৃষি গড়ে তুলতে পার্টনার ফিল্ড স্কুল কৃষকদের দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুষ্টি ও জলবায়ু সহনশীল জাত চাষাবাদের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন।
আলোচনায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, পৌর বিএনপির আহবায়ক শোয়েব আহমদ, যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধর, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সন্ধিপনা সরকার প্রমুখ।
অনুষ্ঠানে ১০০ জন কৃষক, কৃষাণী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
