ঢাকা
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৯
logo
প্রকাশিত : জুন ২৯, ২০২৬

উগান্ডায় দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ সেনাপ্রধানের

উগান্ডার সেনাপ্রধান এবং দেশটির প্রেসিডেন্টের ছেলে মুহুজি কাইনেরুগাবা দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম বন্ধ করার নির্দেশ দিয়েছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি এ তথ্য জানান।

একই সঙ্গে তিনি বলেন, তিনি স্বাধীন সংবাদমাধ্যমে বিশ্বাস করেন না। মুহুজি কাইনেরুগাবা জানান, উগান্ডার সবচেয়ে বড় স্বাধীন দৈনিক 'ডেইলি মনিটর' এবং দেশের অন্যতম বড় বেসরকারি টেলিভিশন চ্যানেল 'এনটিভি উগান্ডা' তার অনুমতি ছাড়া আবার সম্প্রচার বা প্রকাশনা শুরু করতে পারবে না। তবে তিনি কেন এই দুটি গণমাধ্যম বন্ধ করার নির্দেশ দিয়েছেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।

ডেইলি মনিটর ও এনটিভি উগান্ডা- দুই প্রতিষ্ঠানই কেনিয়াভিত্তিক সংবাদমাধ্যম প্রতিষ্ঠান নেশন মিডিয়া গ্রুপের মালিকানাধীন।

প্রতিষ্ঠানটির শেয়ার নাইরোবি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। রবিবার ডেইলি মনিটর জানায়, রাজধানী কাম্পালায় নেশন মিডিয়া গ্রুপের কার্যালয়ে সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে কর্মীদের অফিসে প্রবেশ করতে এবং অফিস থেকে বের হতে বাধা দেওয়া হচ্ছে। এদিকে রবিবার সকাল পর্যন্ত এনটিভি উগান্ডাসহ নেশন মিডিয়া গ্রুপের সব টেলিভিশন ও রেডিওর সম্প্রচার বন্ধ ছিল।

এ ঘটনায় উগান্ডা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সরকারের মুখপাত্র অ্যালান কাসুজা রয়টার্সের মন্তব্য চাওয়ার অনুরোধের জবাব দেননি। অন্যদিকে, উগান্ডায় নেশন মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুসান এনসিবিরওয়া বলেন, এ বিষয়ে তার তাৎক্ষণিক কোনো মন্তব্য নেই।

মুহুজি কাইনেরুগাবাকে দীর্ঘদিন ধরেই উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত।

এর আগে তিনি বিরোধীদলীয় নেতা ববি ওয়াইনের শিরশ্ছেদ করার হুমকি দিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি ১৯৮৬ সাল থেকে উগান্ডার ক্ষমতায় রয়েছেন। ২০১৩ সালে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর ডেইলি মনিটরকে ১০ দিনের জন্য বন্ধ করে দিয়েছিল সরকার।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram