

আশরাফুল ইসলাম, শার্শা (যশোর) প্রতিনিধি: দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি—স্লোগানে বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন বন্দর পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন। এসময় বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন, সহকারী পরিচালক কাজী রতনসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এর মাধ্যমে বন্দরের পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য করে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
জানা যায়, বর্ষা মৌসুমে বেনাপোল বন্দর এলাকায় এক সপ্তাহ ধরে প্রায় ৫০০ বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধু গাছ লাগানো নয় এসব গাছের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে বন্দর কর্তৃপক্ষ।
