ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:১৩
logo
প্রকাশিত : জুন ১৭, ২০২৬

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন। তিনি সেখানে শ্রীমঙ্গল ও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া একটি রাজনৈতিক সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনির পাঠানো সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হবেন। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছে তিনি সড়কপথে শ্রীমঙ্গলে যাবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সদরে গিয়ে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার শহরে চলছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠানস্থল দুটি সাজিয়ে তোলা হচ্ছে নতুন আঙ্গিকে। টানা বৃষ্টির কারণে কাদাময় হয়ে পড়া মাঠে বালু ফেলে সমতল করা হচ্ছে। মঞ্চ নির্মাণ, প্রবেশপথ সংস্কার, নিরাপত্তা বেষ্টনী স্থাপন এবং সৌন্দর্যবর্ধনের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনাগুলোও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্সবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সমাবেশে যোগদান করার জন্য জেলার প্রতিটি ইউনিয়নে প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দিনের কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram