

চীনা প্রযুক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বিশ্বখ্যাত অনলাইন কেনাকাটার মাধ্যম ‘আলিবাবা’, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা ‘বিওয়াইডি’ ও সার্চ ইঞ্জিন ‘বাইডু’-সহ বেশ কয়েকটি বড় চীনা কম্পানিকে তাদের সামরিক তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
এর ফলে এই কম্পানিগুলো এখন থেকে মার্কিন সরকারের কোনো প্রতিরক্ষা চুক্তি পাবে না।সোমবার (৮ জুন) পেন্টাগন এই তালিকাটি হালনাগাদ করেছে। ২০২১ সালে মার্কিন কংগ্রেসের নির্দেশে এই তালিকা তৈরির কাজ শুরু হয়। এর উদ্দেশ্য হলো এমন সব চীনা সংস্থাকে চিহ্নিত করা, যারা সরাসরি বা পরোক্ষভাবে চীনের সামরিক ও প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে সাহায্য করছে।
গত বছর এই তালিকায় প্রায় ১৩০টি প্রতিষ্ঠান থাকলেও, এই বছর তা বাড়িয়ে ১৮৮টিতে করা হয়েছে।এই তালিকায় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ‘ডিজেআই’ আগে থেকেই ছিল। এবার নতুন করে যুক্ত হয়েছে ‘ইউনিট্রি’ নামের একটি রোবটিক্স কোম্পানি, যাদের নাচতে পারা রোবট আমেরিকার জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকা'স গট ট্যালেন্ট’-এ বেশ সাড়া ফেলেছিল।
পেন্টাগনের দাবি, আলিবাবা, বিওয়াইডি ও বাইডুর মতো প্রতিষ্ঠানগুলো চীনের ‘শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়’-এর সাথে যুক্ত থেকে দেশটির প্রতিরক্ষা শিল্প ভিত্তিকে শক্তিশালী করতে সাহায্য করছে।
এসব কম্পানি বেসামরিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের দাবি করলেও, চীনা সামরিক বাহিনী তাদের উন্নত প্রযুক্তি ও দক্ষতা হাতিয়ে নিতে চাইছে।
নতুন এই তালিকার পর মার্কিন আইনপ্রণেতারা দাবি তুলেছেন, তালিকায় থাকা যেসব চীনা কম্পানির শেয়ার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন হয়, সেগুলোকে যেন অবিলম্বে বাদ দেওয়া হয় এবং কোনো মার্কিন কম্পানি যেন এদের সাথে ব্যবসা না করে।
পেন্টাগনের এই সিদ্ধান্তের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। এক বিবৃতিতে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার অজুহাত তুলে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেছে। চীন জানিয়েছে, তাদের কম্পানিগুলো আন্তর্জাতিক সব আইন মেনেই ব্যবসা করে।
তাই আমেরিকার উচিত এই অন্যায় তালিকা তৈরি বন্ধ করে চীনা কম্পানিগুলোর জন্য একটি সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করা। নিষেধাজ্ঞা পাওয়া আলিবাবা, বিওয়াইডি বা বাইডুর পক্ষ থেকে অবশ্য তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র : গালফ নিউজ
