

ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশের বাইরে হস্তান্তরের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বলে জানিয়েছে দেশটির একটি ঊর্ধ্বতন সূত্র। রোববার সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, এ বিষয়টি কোনো চূড়ান্ত সমঝোতার অংশ নয় বলেও স্পষ্ট করেছে তেহরান।
সূত্রটির দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চুক্তির আলোচনায় ইউরেনিয়ামের মজুদ বিদেশে পাঠানোর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে এ নিয়ে যে আলোচনা চলছে, তা এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছেনি।
এ অবস্থান এমন সময় সামনে এলো, যখন দুটি মার্কিন সূত্র নিউ ইয়র্ক টাইমসকে জানায়, ইরান ইউরেনিয়াম কীভাবে পরিত্যাগ করবে সে বিষয়ে নির্দিষ্ট সমঝোতা না হলেও নীতিগতভাবে তা নিয়ে অঙ্গীকারের ইঙ্গিত দিয়েছে। তবে এর বাস্তব প্রক্রিয়া ও শর্তাবলি পরবর্তী আলোচনায় নির্ধারিত হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে সাম্প্রতিক সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক এখনো টানাপোড়েনের মধ্যেই রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হয়। পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালায় তেহরান।
পরবর্তীতে সংঘাত থামাতে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী সমঝোতা এখনো অধরাই রয়ে গেছে। পাকিস্তানের মধ্যস্থতায় একাধিক উদ্যোগ নেওয়া হলেও দুই পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি হয়নি। তবু কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।
