

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় ১০ বছরের এক মাদরাসা পড়ুয়া শিশুকে বলাৎকারের অভিযোগে মমিনুল হক (২৭) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার আসামি পত্নীতলা উপজেলার বরইল এলাকার ফারুক হোসেনের ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ইসবপুর ইউনিয়নের বাদাল চাঁনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টায় বাদাল চাঁনপুর দারুল উলুম আশরাফিয়া কওমি মাদরাসার শিক্ষক মমিনুল হক কৌশলে ওই শিশু শিক্ষার্থীকে মাদরাসার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে বলাৎকার করা হয়। প্রথমে শিশুটি ভয়ে চুপচাপ থাকলেও পরে ঘটনার বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে গত বৃহস্পতিবার স্থানীয়রা ওই শিক্ষককে বেঁধে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষককে গ্রেফতার করে থানা হেফাজতে আনেন। পরে মাদরাসা কমিটির সভাপতি মো. নুরনবী বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন।
ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, আসামির বিরুদ্ধে থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

