

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: সারাদেশে আলোচিত লোমহর্ষক শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ১১টায় তেঁতুলিয়ায় ঐতিহাসিক তেতুল তলায় এই মানববন্ধনের আয়োজন করে সামাজিক সংগঠন 'শিশুসর্গ ফাউন্ডেশন' তেতুলিয়া পঞ্চগড়।
সাংবাদিক ও শিল্পি সংগঠক মোস্তাক আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আশরাফুল ইসলাম, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত পরিবেশ কর্মী মাহমুদুল ইসলাম মামুন, মহিলা উদ্যোক্তা ও সাংবাদিক জয়িতা মর্জিনা আক্তার মাহি, দৈনিক কালবেলা’র তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন, শিশুসর্গ ফাউন্ডেশনের সহকারী শিক্ষিকা আঁখি আক্তার এবং সহকারী শিক্ষক সোহরাব হোসেন সোহাগ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজ ও রাষ্ট্রে শিশুদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। অনতিবিলম্বে রামিসার হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শিশুসর্গ ফাউন্ডেশনের তেঁতুলিয়া শাখার সভাপতি মিজানুর রহমান মিন্টু, সহ সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক রতন আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দীন।
উক্ত প্রতিবাদ সমাবেশে শিশুস্বর্গের শিক্ষক ও শিক্ষার্থী, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত হয়ে খুনিদের ফাঁসির দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

