

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই পুরোদমে সরকারি দায়িত্ব পালন শুরু করে দিয়েছেন থালাপতি বিজয়। শনিবার (১০ মে) শপথ নিয়ে প্রথমেই জানিয়েছেন, যেসব গ্রাহক মাসিক ৫০০ ইউনিটের কম বিদ্যুৎ খরচ করেন তাদের বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে। এ ছাড়া নারীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রথম ভাষণে বলেছেন, “নারীদের নিরাপত্তার পাশাপাশি মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আদেশ অনুযায়ী জনগণের কল্যাণ নিশ্চিত করতে তামিলনাড়ুর নতুন রাজ্য সরকার আবাসিক গ্রাহকদের ২০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেবে। একই সঙ্গে তামিলনাড়ুর নারীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ বাহিনী গঠন করারও আদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।
নির্বাচনী প্রচারণায় তিনি এসব অঙ্গীকার করেছিলেন ভোটারদের।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে দেওয়া প্রথম ভাষণে বিজয় বলেন, ‘প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারে’ প্রতিশ্রুতিবদ্ধ একটি শাসনের নতুন যুগের সূচনা হয়েছে।

