ঢাকা
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৬
logo
প্রকাশিত : মে ৩, ২০২৬

বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ, গ্রেফতার ১

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া এলসি কাগজে পাচারকালে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৯২ বস্তা ভারতীয় অবৈধ জিরার চালানসহ একটি কাভার্ড ট্রাক জব্দ করেছে বিজিবি। চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর থেকে অবৈধ জিরার চালানটি বড়লেখা হয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

শনিবার মধ্যরাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সীমান্ত মেইন পিলার ১৩৯১ হতে সড়ে ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরের জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের গুলিস্থান (আরেঙ্গাবাদ) পয়েন্ট থেকে থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিজিবি কাভার্ড ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্যের এই চালানটি জব্দ করে। এসময় আবুল হোসেন নামে এক চোরাকারাবরিকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের মৃত আখলাছ আলীর ছেলে।

এদিকে চোরাইপণ্য উদ্ধারের অভিযানকালে চোরাকারবারিদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে বিজিবি সদস্য নায়েক পলাশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় চোরাই পণ্য জব্দ ও বিজিবির ওপর হামলায় ঘটনায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের নায়েক সুবদোর মো. নজরুল ইসলাম বড়লেখা থানায় মামলা করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গুলিস্তান পয়েন্ট নামক স্থানে মেইনসড়কে চেকপোষ্ট বসায়। এসময় একটি কাভার্ড ট্রাককে বিজিবি সিগনাল দিয়ে থামিয়ে কাগজপত্র যাচাই ও ভেতরের পণ্য সম্পর্কে জানতে চায়। তখন ট্রাকে থাকা চোরাকারবারিরা ট্রাকের ভেতর এলসি করা জিরা রয়েছে বলে জানায়। বিজিবি সদস্য কাগজপত্র যাচাই করে দেখতে পায় প্রদর্শিত এলসির মালামাল ২৬ এপ্রিল শেওলা স্থলবন্দর থেকে খালাস করা হয়েছে। ভুয়া কাগজে ভারতীয় জিরা পাচারের অপচেষ্টা নিশ্চিত হয়ে তা জব্দ করার কার্যক্রম শুরু করতেই চোরাকারবারিবা বিজিবির ওপর হামলা চালায়। এতে বিজিবি সদস্য নায়েক পলাশ গুরুতর আহত হন। পরে বিজিবি সদস্যরা থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় হামলাকারি চোরাকারবারি আবুল হোসেনকে আটক ও ট্রাকসহ ১৯২ (৫ হাজার ৭৬০ কেজি) বস্তা ভারতীয় অবৈধ জিরা জব্দ করেছে। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

৫২-বিজিবি (বিয়ানীবাজার) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকসহ ভারতীয় অবৈধ জিরার চালান জব্দ করেছে বিবিজি। এসময় একজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। এঘটনায় রোববার দুপুরে বিজিবির নায়েক সুবদোর মো. নজরুল ইসলাম বাদি হয়ে বড়লেখা থানায় মামলা হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ট্রাকসহ ভারতীয় জিরার চালান আটকের ঘটনায় গ্রেফতার ব্যক্তিসহ তিনজনের বিরুদ্ধে বিজিবি থানায় মামলা করেছে। গ্রেফতার আসামিকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram