ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৫১
logo
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬

রাজধানীতে র‍্যাব পরিচয়ে অপহরণ: পুলিশের সাবেক সদস্য গ্রেফতার

রাজধানীতে র‍্যাবের পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে প্রায় ৬৫ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের সাবেক সদস্য গোলাম মোস্তফা ওরফে শাহিনসহ চক্রের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগী চকবাজারের কসমেটিকস ব্যবসায়ী সালমান মাহবুব জয় জানান, গত শনিবার (২৫ এপ্রিল) দুপুরে টাকা এক্সচেঞ্জ করার জন্য তিনি মতিঝিলের কয়েকটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ঘুরে ভালো রেট না পেয়ে মেট্রোরেলে করে উত্তরা যান। এর মধ্যে আজমপুর যাওয়ার উদ্দেশে অটোরিকশায় উঠার পর ২ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে ৭ থেকে ৯ জন ব্যক্তি, যারা র‍্যাবের পোশাক পরিহিত ছিল, তার গতিরোধ করে। নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তারা তার ব্যাগ তল্লাশি করতে চায়।

তবে সন্দেহ হওয়ায় সালমান মাহবুব জয় পালানোর চেষ্টা করলে জোরপূর্বক তাকে একটি মাইক্রোবাসে তুলে নে্ওয়া হয়। এ সময় তার কাছে প্রায় ৩২ লাখ টাকা এবং ৮ লাখ ৮৯ হাজার থাই বাথসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ছিল।

ভুক্তভোগী অভিযোগ করেন, মাইক্রোবাসে তুলে তার চোখ ও হাত বেঁধে শারীরিক নির্যাতন করা হয়। পরে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরিয়ে পূর্বাচল ৯ নম্বর সেক্টরের একটি নির্জন স্থানে তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা। তার কাছ থেকে সব টাকা লুট করে নেয়া হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, র‍্যাবের পোশাক থাকায় কেউ এগিয়ে যেতে সাহস পাননি। এলাকাটি ব্যস্ত হলেও দিনদুপুরে এমন ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

ঘটনার পরদিন মধ্যরাতে তুরাগ থানায় ডাকাতির মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে মামলাটি গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, এই চক্রের মূলহোতা গোলাম মোস্তফা ওরফে শাহিন পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল। এর আগে, গত বছরের জুন মাসে উত্তরায় ‘নগদ’ পরিবেশকের ১ কোটি ৮ লাখ ১১ হাজার টাকা লুটের ঘটনায়ও তিনি গ্রেফতার হয়েছিলেন। সম্প্রতি জামিনে বের হয়ে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram