

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: ভূমি অধিগ্রহণ শাখায় ১০ শতাংশ হারে ঘুষ দাবির অভিযোগে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব ও সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজিম উদ্দিন আহমদসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) কক্সবাজার জেলা জজ আদালতে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী ও জেলা এনসিপির আহ্বায়ক প্রফেসর আখতার আলম। পরে আদালত মামলাটি গ্রহণ করে সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণ শাখার নথি তলবের নির্দেশ দেন। মামলার অন্য দুই আসামি হলেন ভূমি অধিগ্রহণ শাখার অফিস সহকারী অনিক দে ও নিম্নমান সহকারী মোহাম্মদ এমরান।
মামলার অভিযোগে বলা হয়, প্রফেসর আখতার আলম ২০১৯ সালে মহেশখালীর ছৈয়দ নুরকে ১৫ লাখ টাকা ধার দেন। পরে টাকা ফেরত না পেয়ে তিনি আদালতে মামলা করেন। আদালত তখন টাকা ফেরতের নির্দেশ দেন। পরবর্তীতে ক্ষতিপূরণের অর্থ থেকে টাকা পরিশোধের প্রক্রিয়া শুরু হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করা হয়। এরপর ২০২৪ সালে আবারও আদালত টাকা ফেরতের নির্দেশ দেন।
অভিযোগ অনুযায়ী, এরপর ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তারা যোগসাজশ করে অর্থ ছাড়ের জন্য ১০ শতাংশ হারে, অর্থাৎ সাড়ে ৪ লাখ টাকা ঘুষ দাবি করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, আদালত মামলাটি গ্রহণ করে নথি তলবের নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে মামলার বাদী প্রফেসর আখতার আলম বলেন, আমি ন্যায়বিচার চাই। আদালতের ওপর আস্থা আছে।

